জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরও ঋণ নয়। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন (অ্যাডাপটেশন) কার্যক্রমে বরাদ্দ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ভাষণে সরকারপ্রধান উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। এই কঠিন চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে।
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়নে সরকারের লক্ষ্যমাত্রা তুলে ধরে তারেক রহমান জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে জ্বালানি তৈরি, প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড সবুজ পোশাক কারখানার প্রসার, বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে তিনি জানান।
পরিবেশ সংরক্ষণে সরকারের মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের আওতায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলমান রয়েছে।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন: ১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টাকে সহায়তা করা। ২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা। ৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে সহায়তা প্রদান। ৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা। ৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে নির্গমন কমানোর আহ্বান জানান। প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করে বৈশ্বিক সংহতি জোরদার করার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।














মন্তব্যসমূহ