তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাটপণ্যের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবেশ রক্ষায় বিশ্বের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যাভিলিয়নটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। এসব পণ্যের উৎপাদন, ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানতে চান।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে তাঁরা আগ্রহী।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন ধরনের ছোট সামগ্রী।
এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময় বলে জানান তাঁরা।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। তাঁদের অনেকে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। কয়েকজন প্রতিনিধি বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। গ্রিন জোনে পাটপণ্যের প্রদর্শনী আয়োজনও এ উদ্যোগের অংশ।
প্রধানমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।














মন্তব্যসমূহ