আবাসন সংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট পালিত হয়েছে স্পেনে। দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা এই কর্মসূচিতে লাখো মানুষ রাস্তায় নামেন। বিক্ষোভের একপর্যায়ে বার্সেলোনায় পুলিশের সঙ্গে মুখোশধারীদের সংঘর্ষ হয়। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
বুধবার (১১ নভেম্বর) স্পেনজুড়ে এই ধর্মঘট পালিত হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। ধর্মঘটের কারণে দেশটির পরিবহনব্যবস্থা ও বিভিন্ন সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
বার্সেলোনার কেন্দ্রস্থলে সন্ধ্যার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেইগ দে গ্রাসিয়া এলাকায় মুখোশধারী কয়েকজন আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং দোকানের কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কিছু ব্যক্তি পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও ওঠে। এ ছাড়া একটি অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টার ঘটনাও সামনে এসেছে।
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হেলমেট ও দাঙ্গা প্রতিরোধী ঢাল নিয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
তবে বিক্ষোভের পুরো সময় পরিস্থিতি সহিংস ছিল না। বার্সেলোনায় কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী বিবিসিকে জানান, দিনের বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। সেখানে শিশু ও প্রবীণদেরও ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় আগুন জ্বলতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
স্পেনের এই বিক্ষোভের অন্যতম কারণ বাড়িভাড়ার অস্বাভাবিক চাপ। রাজধানী মাদ্রিদের আরগানজুয়েলা এলাকার বাসিন্দা আলভারেজ জানান, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে একটি ছোট ফ্ল্যাটে থাকেন। তাঁদের মাসিক বাড়িভাড়া এক হাজার ইউরো, যা দুজনের প্রত্যেকের আয়ের প্রায় অর্ধেকের সমান।
তাঁর অভিযোগ, বাসাভাড়ার পাশাপাশি খাবার, বিদ্যুৎ, পানি ও গ্যাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান আয়ে নিজেদের একটি বাড়ি কেনা প্রায় অসম্ভব।
এদিকে ধর্মঘটকে সফল বলে দাবি করেছে দেশটির অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন ইউজিটি। সংগঠনটির প্রধান পেপে আলভারেজ জানিয়েছেন, কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। আরেক গুরুত্বপূর্ণ শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোর্দোও বিক্ষোভকারীদের উপস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।
তবে শ্রমিক সংগঠনগুলোর এই অবস্থানের বিরোধিতা করেছে ব্যবসায়ী মহল। স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল গ্যারিডো দাবি করেছেন, ধর্মঘটটি শ্রমিকদের দাবির চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে বেশি সম্পর্কিত। তাঁর মতে, আগাম নির্বাচনের ঘোষণার সঙ্গে কর্মসূচিটির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।
আগামী ২৯ নভেম্বর স্পেনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে দেশজুড়ে এমন বিক্ষোভ ও ধর্মঘট রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য সাধারণ মানুষের ওপর কী ধরনের চাপ তৈরি করছে, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে তা আবারও সামনে এসেছে।
সূত্র : বিবিসি।














মন্তব্যসমূহ