চাঁদপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে চিহ্নিত ১৫ জনকে আটক করা হয়। অভিযানে পাঁচটি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকায় তিনজন, মতলব দক্ষিণে দুজন, মতলব উত্তরে ছয়জন, হাজীগঞ্জে দুজন, শাহরাস্তিতে তিনজন এবং কচুয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিভিন্ন মামলার আসামি হিসেবে চাঁদপুর সদর মডেল থানা এলাকায় নয়জন, হাইমচরে একজন এবং ফরিদগঞ্জে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আইনি ধারা ও বিশেষ অভিযানে সদর মডেল থানায় ১০ জন, হাইমচরে দুজন, ফরিদগঞ্জে তিনজন এবং শাহরাস্তিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার চারটি থানা এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় তিনজন, ফরিদগঞ্জে পাঁচজন, হাজীগঞ্জে দুজন এবং কচুয়ায় পাঁচজন রয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানিয়েছেন, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলাজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।














মন্তব্যসমূহ