গাজীপুরের সফিপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তান বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে মোটরসাইকেলটি অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাওজোড় হাইওয়ে থানার পুলিশ। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া তিনজনের মরদেহ পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন শিশু এবং অপর দুজন নারী ও পুরুষ।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পান তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ দেখতে পায়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মোটরসাইকেলটি কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাকবলিত হয়েছে, নাকি অন্য কোনো কারণে আরোহীরা ছিটকে পড়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া সফিপুর ফ্লাইওভারে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনাটির প্রকৃত কারণ শনাক্ত করতেও জটিলতা তৈরি হয়েছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ জানতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন পুলিশ সদস্যরা।














মন্তব্যসমূহ