ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।
সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ রেখে কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কের মৌচাক এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।














মন্তব্যসমূহ