জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরছে দেশটি।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। তিনি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা খুবই সীমিত। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য গঠিত লস অ্যান্ড ড্যামেজ তহবিলে অর্থায়ন বাড়ানোর দাবি জানাচ্ছে বাংলাদেশ।
তাঁর মতে, জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশের দায় সামান্য, তাদের ওপর ঋণের অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। এজন্য জলবায়ু অর্থায়নকে ঋণনির্ভর না রেখে অনুদানভিত্তিক করার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।
তিনি জানান, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন দাবিগুলো বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে।
কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের জলবায়ু অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন সাইমুম পারভেজ। তিনি বলেন, দেশের অন্যতম অগ্রাধিকার হচ্ছে জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা।
এই প্রক্রিয়ায় বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষার পাশাপাশি নতুন সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে সরকার।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের কয়েকটি বড় পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতার কথাও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হচ্ছে বলে জানান সাইমুম পারভেজ। তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সক্ষমতা বাড়িয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পাট ও পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা করছে বাংলাদেশ। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত ও প্রাকৃতিকভাবে পচনশীল পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে কারিগরি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এসব পণ্য প্রদর্শন ও প্রচারের জন্য একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে জাতীয় নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি তৈরির কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সাইমুম পারভেজ।














মন্তব্যসমূহ