ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের খবর এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। বিষয়টির সত্যতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখছে পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
সালাহউদ্দিন আহমদ জানান, আবেদনটি সত্যিই করা হয়েছে কি না, তা জানার পাশাপাশি এর আইনগত দিকগুলোও পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে আবেদন করার অধিকার, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট আইনের বিধানগুলো পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’
এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি দেখেছে।
তবে চিঠি পাঠানোর খবর প্রকাশিত হলেও বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আবেদনটির আনুষ্ঠানিক গ্রহণযোগ্যতা এবং আইনগত অবস্থান সম্পর্কে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাস ও স্থাপনায় হামলার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে মাঝেমধ্যে এসব হামলা চালাচ্ছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো প্রতিরোধে কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।














মন্তব্যসমূহ