উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশাচ্ছন্ন সকাল, হিমেল বাতাস ও তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি।
সকালে কুয়াশা ও ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকেরা। শীতের প্রভাব থেকে রক্ষা পেতে অনেককে চাদর ও গরম পোশাক ব্যবহার করতে দেখা যাচ্ছে।
অটোভ্যানচালক তরিকুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। অন্যদিকে চা শ্রমিক আবদুল খালেক বলেন, বাগানে কাজ করতে এখন সকালেই গরম কাপড় সঙ্গে নিতে হচ্ছে।
তবে দিনের বেলায় সূর্যের আলোয় কিছুটা উষ্ণতা ফিরে আসে। সন্ধ্যা নামার পর আবারও ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়েছে স্থানীয় জীবনযাত্রাতেও।
শীতের আমেজের সঙ্গে সঙ্গে বাজারগুলোতে জমে উঠতে শুরু করেছে শীতকালীন পিঠার বেচাকেনা। সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে তাপমাত্রার পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ সময়ে অনেকে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টরা শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা এবং যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।














মন্তব্যসমূহ