আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরগুলোতে সংঘটিত সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। এসব ঘটনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও আগামী বৈঠকে জানাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কমিটির সদস্য সাচিং প্রু, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মাছুম মোস্তফা।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনিয়ম বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের হাতে কার্ড পৌঁছানোর সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের অগ্রগতিও জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য আগামী বৈঠকে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা নিয়েও আলোচনা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কমানো সম্মানী ভাতা সম্মানজনক পর্যায়ে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও এর বিভাজন, অর্থের সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
এদিকে আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শনও করবেন কমিটির সদস্যরা।














মন্তব্যসমূহ