পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করবে সরকার ও ইউএনডিপি
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশেষ করে পাহাড়ে ভূমিধস প্রতিরোধ, জলাধার সংরক্ষণ, টেকসই কৃষি এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয় তুলে ধরেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পাহাড়ি জনপদকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, সব জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।বিশেষ করে দুর্গম এলাকায় বসবাসকারীদের কাছে প্রয়োজনীয় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।প্রতিমন্ত্রীর মতে, পাহাড়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে।দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।তাঁরা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজের উন্নত পদ্ধতি প্রচলন, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।স্থানীয় জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত করতে পাড়া উন্নয়ন কমিটি বা পিডিসি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।এসব কমিটির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের কাজে অংশ নিতে পারছেন বলে জানায় প্রতিনিধিদল।পার্বত্য চট্টগ্রাম জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ঝুঁকির মুখে রয়েছে, সেগুলো মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়ন করছে ইউএনডিপি।প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, পাহাড়ে ভূমিধসের ঝুঁকি কমানো, জলাধার রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী কৃষি ও জীবিকা পদ্ধতি সম্প্রসারণের কাজও চলছে।ইউএনডিপির নিজস্ব প্রকল্পবিবরণীতেও পার্বত্য চট্টগ্রামে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ এবং জলাধার ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়টি উল্লেখ রয়েছে।পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে ইউএনডিপি।সংস্থাটির প্রতিনিধিরা জানান, নারীদের স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কাজও চলছে।প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও বাড়বে।বৈঠকে পার্বত্য চট্টগ্রামে ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।প্রতিমন্ত্রী জানান, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে।তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পর্যটনের আধুনিকায়ন এবং নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে সরকার ও জাতিসংঘের এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।মতবিনিময় সভায় ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং উপস্থিত ছিলেন।এ ছাড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম বৈঠকে অংশ নেন।