সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন, বিভিন্ন গ্রেডের অসংগতি নিরসন এবং ভাতার হার পুনর্নির্ধারণের বিষয়ে সুপারিশ দিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একই দিন এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশিত হয়।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ যাচাই-বাছাই করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেডের উন্নীতকরণ, অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়েও মতামত দেবে তারা।
এ ছাড়া সরকারি চাকরিজীবীদের ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা পর্যালোচনা করবে কমিটি। নতুন কোনো ভাতা চালু করা প্রয়োজন কি না, বিদ্যমান ভাতার পরিমাণ বাড়ানো বা কমানো দরকার কি না, সেসব বিষয় বিবেচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।
কমিটির কাজ পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক সহযোগিতা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন মনে করলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এ ছাড়া নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে অর্থ বিভাগ।














মন্তব্যসমূহ