ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থানের কথা জানান। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। তিনি তো শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে ফিরিয়ে আনতে হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
এদিকে চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, এই করিডোর চালু হলে সংশ্লিষ্ট পুরো অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
হুমায়ুন কবির জানান, আঞ্চলিক এই করিডোরের অংশ হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এ উদ্যোগ এগিয়ে নেওয়ার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান জরুরি বলে উল্লেখ করেন তিনি।
চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এই সফরের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।














মন্তব্যসমূহ