বাহরাইনকে তীব্র ভাষায় সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, কোনো ধরনের উসকানি দেওয়া হলে বাহরাইনে আরও প্রবল শক্তিতে আঘাত হানা হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বেলায়েতি বলেন, বাহরাইনকে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ থাকতে হবে। নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করতে মানামাকে গুরুতর সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
সম্প্রতি মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালাতে উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে।
তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। বাহরাইনও ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে ব্যাহত করছে।
আল জাজিরার বরাত দিয়ে দ্য নিউজ জানিয়েছে, বাহরাইন ইরানের হামলার পর জরুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের আহ্বান জানিয়েছে। মানামা বলেছে, এই হামলা নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীরা যোগাযোগ চ্যানেল চালু করেছেন। একই সঙ্গে দুই দেশের কারিগরি দল দোহায় অন্তর্বর্তী শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। বাহরাইনে উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তেহরানের সঙ্গে গোপন সামরিক সম্পর্কের অভিযোগে সাম্প্রতিক মাসগুলোতে বাহরাইন কর্তৃপক্ষ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে, যা দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়েছে।
পর্যবেক্ষকদের মতে, ইরান-বাহরাইন উত্তেজনা শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো উপসাগরীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ