কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনা এবং বিভিন্ন সামরিক অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোটাভুটির পর প্রস্তাবটি কমিটিতে পাঠানো হয়েছে। এতে বর্তমান কংগ্রেসের মেয়াদে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। এর মাধ্যমে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের ওপর সরাসরি ভোটাভুটির পথ বন্ধ হয়ে যায়।
অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের সদস্য হয়েও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নেন তিনি। প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিরোধিতা করা একমাত্র রিপাবলিকানও ছিলেন ম্যাসি।
ভোটাভুটির সময় ১১ জন ডেমোক্র্যাটসহ মোট ১৮ জন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ উত্থাপন করেন ম্যাসি। অভিযোগগুলোর অন্যতম ছিল কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে ৯০ দিনের বেশি সামরিক অভিযান পরিচালনা।
এ ছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে মার্কিন হামলা পরিচালনার ক্ষেত্রেও হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এসব অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদারকির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার পেন্টাগনে ছয় মাসের মধ্যে প্রথম সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘অন্তর্ঘাত’ হিসেবে বর্ণনা করেন তিনি।
হেগসেথের দাবি, রাজনৈতিক মতবিরোধের কারণে তাকে সরানোর চেষ্টা চলছে। এমন উদ্যোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, ‘এটি দেশপ্রেম নয়, বরং অন্তর্ঘাত।’
অন্যদিকে ভোটের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন থমাস ম্যাসি। তার অভিযোগ, কংগ্রেসের সদস্যরা সঠিক সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকলেও তা বাস্তবায়নের সাহস দেখাননি।
ম্যাসি আশা করেছিলেন, অভিশংসনের উদ্যোগের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ তৈরি হবে। এর মাধ্যমে হেগসেথকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিতে বাধ্য হতে পারেন ট্রাম্প।
কিন্তু ভোটের ফলাফলে উল্টো স্বস্তি পেয়েছে ট্রাম্প প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হওয়াকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এই প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।
হেগসেথের পক্ষে অবস্থান নিয়ে মার্কিন সামরিক বাহিনীতে নিয়োগ বৃদ্ধি এবং ভেনেজুয়েলা ও ইরানে সামরিক সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প।
এদিকে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর ফলে বর্তমান কংগ্রেসের মেয়াদে হেগসেথের অভিশংসন প্রক্রিয়া আর এগোনোর সম্ভাবনা সীমিত হয়ে পড়েছে। তবে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর একই ধরনের উদ্যোগ আবার সামনে আসতে পারে। জানুয়ারিতে ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
অভিশংসনের উদ্যোগ আটকে গেলেও হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। মঙ্গলবার টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ আশা প্রকাশ করেন, হেগসেথ নিজে পদত্যাগ করবেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবেন।
ফলে আপাতত অভিশংসন এড়াতে পারলেও ইরান যুদ্ধ এবং মার্কিন সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র : রয়টার্স।














মন্তব্যসমূহ