রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে গাবতলী এলাকায় ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। একই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারীকেও আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে নিহত দুই নারীর নাম-পরিচয় এবং কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ