রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধসংক্রান্ত মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শান্তি আলোচনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মূল্যায়নকে সমর্থন করেছে বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের অর্ধেক নিয়ন্ত্রণে নিয়েছে। মস্কোর এই দাবির সমালোচনা করে তিনি বলেন, ‘এটাই মূল সমস্যা। পুতিন এক ভিন্ন বাস্তবতায় বাস করেন।
আমিও চাইলে এমন কাল্পনিক ছবি আঁকতে পারি যে আমি পুরো রাশিয়া দখল করে ফেলেছি, কিন্তু তা তো সত্য নয়। সবচেয়ে ভালো বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে বাস্তবে কী ঘটছে সে ব্যাপারে মার্কিনরা ইউক্রেনের মূল্যায়নকেই সমর্থন করেছে।’
এদিকে, কোপেনহেগেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবুধাবি আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই পরিবর্তন দেখতে পাচ্ছি এবং যা শুনছি তাতে খুব খুশি। এখন দেখা যাক সামনে কী ঘটে।’
আলোচনার প্রথম দিনকে গঠনমূলক হিসেবেও উল্লেখ করেছেন জেলেনস্কি। তার ভাষ্য অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচিতে ইউরোপের জন্য নতুন একটি নিরাপত্তা কাঠামো তৈরির বিষয় রয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও এ ধরনের কাঠামোর ধারণা সামনে এনেছিলেন।
তবে প্রস্তাবটি নিয়ে এখনই নিশ্চিত কোনো অবস্থান নিতে চান না জেলেনস্কি। রাশিয়ার প্রকৃত উদ্দেশ্য কী, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয় বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি মার্কিন ও রুশ প্রতিনিধিদের মধ্যে ঠিক কোন নথি নিয়ে আলোচনা হয়েছে, সেটিও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে মার্কিন প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তারা কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন। গত ফেব্রুয়ারির পর তিন দেশের মধ্যে এটিই প্রথম বৈঠক।
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ