সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিসে কাজের সুযোগ এবং বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাসের বিষয়ে প্রচারণা চালানোর অভিযোগে এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠাচ্ছে গ্রিস সরকার। ২৭ বছর বয়সী ওই তরুণসহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ফ্লাইটটি ছাড়ার কথা রয়েছে। তবে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের ১০ নভেম্বরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ওই বাংলাদেশি তরুণকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশের ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বাংলাদেশি তরুণ গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ রয়েছে বলে প্রচার করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন দেশটিতে অবস্থান করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের আশঙ্কা নেই বলে দাবি করেন।
ভিডিওটি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে এবং তার বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, ওই তরুণের তৃতীয় আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। পরবর্তী সময়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রক্রিয়ায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা তার পক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
মন্ত্রী থানোস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ নাগরিককে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর তথ্য জানান। তার দাবি, ওই বাংলাদেশি তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
এদিকে গ্রিস থেকে বিদেশি নাগরিকদের প্রত্যাবাসনের হারও বেড়েছে। গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে দুই হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল দুই হাজার ২০৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাবাসন বেড়েছে প্রায় ২০ শতাংশ।
একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা ৯১৫ থেকে বেড়ে এক হাজার ২৯২ হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৪১ শতাংশ।
গ্রিসের এই ঘটনা বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্যও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ইউরোপে সহজে চাকরি, বসবাসের অনুমতি কিংবা পুলিশি ঝামেলা ছাড়াই থাকার সুযোগ দেওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
যাচাই না করে এসব প্রচারণায় বিশ্বাস করে অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করলে প্রতারণা, মানবপাচার, শোষণ, আটক কিংবা শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকে।














মন্তব্যসমূহ