ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের খবর সামনে এসেছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে তীব্র বাকবিতণ্ডা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দুই নেতার ফোনালাপের প্রধান আলোচ্য বিষয় ছিল ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার সম্ভাবনা।
আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলোর দাবি, ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান এক নয়। এ কারণে দুই নেতার কথোপকথন একপর্যায়ে অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। একটি সূত্র ফোনালাপটিকে ‘নরক থেকে আসা চিৎকারময় কথোপকথন’ হিসেবে বর্ণনা করেছে।
যদিও নেতানিয়াহুর কার্যালয় এই বর্ণনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। কার্যালয়ের পক্ষ থেকে প্রতিবেদনটির প্রতিক্রিয়ায় বলা হয়, ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন।’ একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সেখানে কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করতে ট্রাম্পকে প্রায় ‘প্রতিদিন’ ফোন করে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর এমন তৎপরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন আরব ও মুসলিম বিশ্বের কয়েকজন নেতা। তারা নতুন সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে ট্রাম্পকে উৎসাহিত করছেন।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা কমিয়ে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানে নতুন সামরিক অভিযান চায় না।
সংঘাত অবসানের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলা শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।
ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে মিল রেখে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর তাৎক্ষণিক প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার মতে, তেহরানের ওপর চলমান অর্থনৈতিক চাপ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখছে।
তবে সামরিক অভিযান আপাতত এড়িয়ে যাওয়ার অর্থ ইরানের ওপর থেকে চাপ তুলে নেওয়া নয়। রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে। একই সঙ্গে ওয়াশিংটনের নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করা হলে মার্কিন বাহিনী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। মঙ্গলবার দেশটি জানায়, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে এই উদ্যোগ শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাবে কি না, তা এখনো অনিশ্চিত।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্মারকও স্বাক্ষরিত হয়েছে। তা সত্ত্বেও স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রশ্নে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।














মন্তব্যসমূহ