সরকারি বিভিন্ন সুবিধা ও সুযোগ বণ্টনে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সরকার বিধবা কার্ড চালু করলেও সংসদ সদস্যের স্ত্রী সবার আগে সেই সুবিধা নেবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, ওই নিয়োগ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের পরিবারের একাধিক সদস্য সুবিধা পেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন।"
এরপর সরকারি সুবিধা বণ্টনের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, "এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।"
সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা রয়েছে বলে নিজের বক্তব্যে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
মন্তব্যসমূহ