নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন করলেন না হাসনাত
বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ভবনের উদ্বোধনের আগে নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম দেখতে পান হাসনাত। বিষয়টি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।তিনি আয়োজকদের জানান, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তির নাম দিয়ে আত্মপ্রচারের সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।হাসনাত আবদুল্লাহর বক্তব্য অনুযায়ী, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে প্রতিষ্ঠান, দেশ কিংবা সংশ্লিষ্ট স্থাপনার ঐতিহাসিক তথ্য গুরুত্ব পাওয়া উচিত।নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকেও তার নাম ব্যবহার না করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।এরপর নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান হাসনাত আবদুল্লাহ।ঘটনায় দুঃখ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামফলকটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, দ্রুত নতুন করে নামফলক স্থাপন করা হবে।এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বিরোধিতা হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।