প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে। এই বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও দাবি করেন তিনি।
এ বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখেই বাজেট প্রস্তাব করা হয়েছে। মানুষের ওপর চাপ না বাড়িয়ে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় রাখাই সরকারের লক্ষ্য।
দেশের অর্থনৈতিক সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নানামুখী সংকটকে সরকার অস্বীকার করতে চায় না। তবে সেই সংকটকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না।
তিনি বলেন, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকার বাস্তবভিত্তিক পদক্ষেপ নিচ্ছে।
তারেক রহমান আরও বলেন, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সরকার সামনে এগিয়ে যেতে চায়।
প্রধানমন্ত্রীর ভাষ্য, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা, বাজার পরিস্থিতি, উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো মাথায় রেখে সাজানো হয়েছে।
মন্তব্যসমূহ