শুধু মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা ডিগ্রির সনদ পাওয়াকে প্রকৃত শিক্ষা হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মানবিক মূল্যবোধ ও যুক্তিবোধ যুক্ত হলেই তা সত্যিকারের জ্ঞানে পরিণত হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবাগত ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল ভালো ফলাফল কিংবা চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন নয়। একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, শিক্ষা মানুষের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী সাধারণ দৃষ্টিসীমার বাইরে চিন্তা করতে এবং ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে শেখে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতে, পেশাগত জীবন ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে শিক্ষাগত সনদের গুরুত্ব রয়েছে। তবে শুধু সনদ অর্জনের মধ্যে শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞান অর্জনের প্রকৃত আগ্রহ তৈরি করতে হবে।
শিক্ষাকে আনন্দময় করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ সৃষ্টি করতে পারে না, সেটিকে প্রকৃত শিক্ষা বলা যায় না।
ছাত্রজীবনের প্রতিযোগিতা নিয়েও নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন রিজভী। তিনি বলেন, ভালো ফলাফল ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার্থীদের মধ্যে কিছুটা জেদ বা ‘ইগো’ থাকা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে লক্ষ্য পূরণের পর সেই মনোভাব ধরে না রেখে আত্মসম্মানবোধ গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতিও তুলে ধরেন তিনি। রিজভী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তি হওয়ার সময় তিনিও নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এই সাংস্কৃতিক ঐতিহ্য এখনো টিকে রয়েছে।
কলেজজীবনের শিক্ষক রুহুল আমিনের কথাও স্মরণ করেন বিএনপির এই নেতা। তিনি জানান, উচ্চমাধ্যমিকে পড়ার সময় ওই শিক্ষক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস অত্যন্ত আকর্ষণীয়ভাবে পড়াতেন। সেই পাঠদানের অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে রয়েছে।
এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে রিজভী শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে আনন্দ ও আকর্ষণ তৈরি করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, শিক্ষার্থীরা যেন আগ্রহ নিয়ে শ্রেণিকক্ষে আসে এবং পাঠ্যবিষয় উপভোগ করে, সেভাবেই পাঠদান করতে হবে।
দার্শনিক মাওলানা রুমির ভাবনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই নিজেকে বিকশিত করার সম্ভাবনা রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
মোহাম্মদপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।














মন্তব্যসমূহ