বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেওয়ার পর টুর্নামেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের পাঠানো একটি ই-মেইলকে কেন্দ্র করে তদন্তের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রতিযোগিতায় পক্ষপাতিত্ব ও বর্ণবাদের অভিযোগও করেছেন তিনি। একই সঙ্গে এটিই সাফে তাঁর শেষ আসর বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে খেলার চেয়ে মাঠের বাইরের বিষয়গুলো নিয়েই বেশি কথা বলেন শ্রীলঙ্কার এই কাতারি কোচ।
মুতাইরির অভিযোগ, ম্যাচের আগের রাতে সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ তাঁকে ই-মেইল পাঠিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোবাইলে ই-মেইলটি দেখিয়ে তিনি বলেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’
এ সময় ২০২১ ও ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিযোগিতার কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্বৈতনীতির অভিযোগ করেন মুতাইরি।
তিনি বলেন, ‘ভারতের কোচ পাকিস্তানের খেলোয়াড়ের গায়ে হাত দিলেন, তখন কোনো সমস্যা হলো না। অথচ আমার সামান্য কিছু কথার জন্য আমাকে ছয় মাস বা এক বছরের নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে। কেন এই দ্বৈতনীতি?’
২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে ফাইনালে নিষিদ্ধ হয়েছিলেন মুতাইরি। তবে তাঁর দাবি, প্রতিযোগিতার নিয়মাবলিতে এমন নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২১ সাফেও উনি লিগ্যাল হেড ছিলেন। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে আমাকে ফাইনাল থেকে নিষিদ্ধ করেছিলেন। প্রতিযোগিতার বাই-লজে যদি এমন একটি ধারাও খুঁজে পান, যেখানে দুটি হলুদ কার্ডের কারণে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করার কথা বলা আছে, তাহলে আমি ফুটবল কোচিং ছেড়ে দেব।’
তানজিম আহমেদের বিরুদ্ধে ধর্মীয় ভাষায়ও ক্ষোভ প্রকাশ করেন শ্রীলঙ্কার কোচ। বিচার দিবসে আল্লাহর কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে উল্লেখ করে মুতাইরি বলেন, ‘যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমি আর আপনি মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? সেখানে কেউ থাকবে না। কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদি হবো।’
মুতাইরির দাবি, আগের রাতে ই-মেইল পাওয়ার পর থেকেই ম্যাচে পরাজয়ের আশঙ্কা করেছিলেন তিনি। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে, ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি জানতাম যে আমরা হারতে যাচ্ছি। কারণ আমরা তো আর বিশ্বকাপ খেলিনি।’
সবশেষে সাফে আর অংশ না নেওয়ার ঘোষণা দেন এই কোচ। প্রতিযোগিতার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে বর্ণবাদের অভিযোগ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সাফে সমস্যা আছে। তবে আরবদের তারা পছন্দ করে না। এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসর।’














মন্তব্যসমূহ