বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে তাঁরা ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা পরিবর্তনশীল নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিষয়টি উঠে এসেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কপ৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক উল্লেখযোগ্য।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
এসব আলোচনায় বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক অংশীদারত্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন কার্যক্রম, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে বিশেষ গুরুত্ব
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টিও গুরুত্ব পায়।
হুমায়ুন কবির জানান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
চীনা বিনিয়োগে জ্বালানি ও অবকাঠামো খাতে গুরুত্ব
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়েও বক্তব্য
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগের দিনের বৈঠককেও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তাঁর ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও উঠে আসে।
হুমায়ুন কবির আরও জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবে।














মন্তব্যসমূহ