ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিষয় নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
সভায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের বিষয়েও আলোচনা হচ্ছে।
বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
রাজধানীর পরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের সাম্প্রতিক বৈঠকগুলোতেও যানজট, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিষয় গুরুত্ব পেয়েছে।
মন্তব্যসমূহ