রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের মধ্যে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এদিকে অক্টোবরের প্রথম ছয় দিনেই দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মঙ্গলবার এক দিনেই দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। ফলে অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।
চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স আসার প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১৩ দশমিক ৩০ শতাংশ।
মন্তব্যসমূহ