ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরই আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত ২৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরবর্তী সময়ে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর এ উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ