আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করছেন আনসার-ভিডিপির সদস্যরা।
মাঠপর্যায়ের এসব কার্যক্রমে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ এবং প্রতিমা নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। আলোচনায় প্রতিমার নিরাপত্তা, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনের সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার পাশাপাশি প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এদিকে পূজার সময়ে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে। পূজামণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজন নিশ্চিত করতে সারাদেশে বাহিনীর আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ