রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান হিসেবে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনার কাজে নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা বজায় রাখা জরুরি।
এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ কারণে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের সময় প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ের মধ্যে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এনআইডি কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।
মন্তব্যসমূহ