ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় একেএইচ পোশাক কারখানার স্টাফ বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. আবু বকর সিদ্দিক নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক নেত্রকোনা সদর থানার বদনি গ্রামের নুর আলমের ছেলে। কাভার্ড ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, আরিচার উদ্দেশে কাভার্ড ভ্যান নিয়ে যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক। পথে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাসের সঙ্গে তার গাড়িটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবু বকর সিদ্দিকের মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সেলিম মাতুব্বার জানান, “আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাস ও আরিচাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক আবু বকর সিদ্দিক নিহত হন।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ