ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনের প্রতিযোগিতার মাঝে ভারতমুখী হচ্ছে জাপান

ছবি : সংগৃহিত
ফলো করুন

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা এবং পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক ভারত সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে সমঝোতা হয়েছে।

দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম জাপান-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অর্থনৈতিক অংশীদারত্বের গণ্ডি ছাড়িয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কোয়াডের আওতায় ‘মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা’ গড়ে তোলার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও এআই খাতে দক্ষ মানবসম্পদ আদান-প্রদান এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। ইয়োকোসুকায় অনুষ্ঠিত ‘জাইমেক্স ২৫’ নৌমহড়ার ধারাবাহিকতায় ভারতীয় নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে।

একই সঙ্গে জাপানের মোগামি-ক্লাস ফ্রিগেটে ব্যবহৃত উন্নত স্টিলথ প্রযুক্তি ‘ইউনিকর্ন’ বা ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা ভারতে হস্তান্তরের বিষয়ে নীতিগত চুক্তি হয়েছে। এই প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য পাঁচটি খাতকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টোকিও ও নয়াদিল্লি। এগুলো হলো সেমিকন্ডাক্টর, বিরল খনিজ পদার্থ, আইসিটি, পরিচ্ছন্ন জ্বালানি এবং ওষুধ। বৈশ্বিক সরবরাহব্যবস্থা সচল রাখার ক্ষেত্রেও এসব খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতে জাপানি ব্যবসার বিস্তার একসময় তুলনামূলক ধীর ছিল। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মারুতি সুজুকি ছিল এর বড় ব্যতিক্রম। ২০০৫ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর ভারত সফরের পর বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও নতুন গতি আসে।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ভারতের ৫ হাজার ২০৫টি স্থানে ১ হাজার ৪৩৪টি জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছিল। চীনের ৩০ হাজার স্থানের তুলনায় এ সংখ্যা কম হলেও মহামারী-পরবর্তী সময়ে সুজুকি, ব্রিজস্টোন ও ইউনিচার্মের মতো বড় প্রতিষ্ঠান ভারতে দ্বিতীয় বা তৃতীয় কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেছে।

জাপানি বিনিয়োগ এখন অটোমোবাইল ও ইলেকট্রনিকসের মতো প্রচলিত খাতের মধ্যেও সীমাবদ্ধ নেই। ফ্যাশন ব্র্যান্ড ইউনিক্লো পাঁচ বছরের মধ্যে ভারতে ১০০টি স্টোর চালুর পরিকল্পনা করেছে। ৭-ইলেভেন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় ৬০টির বেশি আউটলেট পরিচালনা করছে এবং নিতোরি মুম্বাইয়ে কার্যক্রম শুরু করেছে।

ভারী শিল্পেও বিনিয়োগ বাড়ছে। নিপ্পন স্টিল আর্সেলরমিত্তালের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে ১ ট্রিলিয়ন ইয়েনের বেশি বিনিয়োগ করে কারখানা সম্প্রসারণ করেছে। সানটোরি, সুমিতোমো রিয়েলটি, ওসাকা গ্যাস ও মোনোটারোর মতো প্রতিষ্ঠানও ভারতকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে।

গত বছরের আগস্টে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আগামী ১০ বছরে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য ঘোষণা করা হয়েছিল। সেই লক্ষ্য এগিয়ে নিতে এবারের সম্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী তাকাইচির উপস্থিতিতে গত এক বছরে ঘোষিত ২ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের বিস্তারিতও তুলে ধরা হয়।

দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জয়েন্ট ইকোনমিক ফোরামে ১৫০টির বেশি জাপানি এবং ৮০টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তি ও অবকাঠামো খাতেও সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। ভারতের ‘লুপেক্স’ মহাকাশ মিশন থেকে শুরু করে পুনর্ব্যবহারযোগ্য অ্যামোনিয়া উৎপাদন, বায়োমিথেন প্রকল্প এবং ইস্পাত কারখানার গ্যাস প্ল্যান্ট পরিচালনায় চুক্তি হয়েছে।

জাপানের সহায়তায় নির্মিত দিল্লি মেট্রো বর্তমানে ৪১৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা টোকিও সাবওয়ে নেটওয়ার্ককেও ছাড়িয়ে গেছে। একই ধারাবাহিকতায় ৮০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন ঋণে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত ভারতের প্রথম ‘বুলেট ট্রেন’ বা শিনকানসেন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি ২০২৭ সালের আগস্ট নাগাদ আংশিক চালুর কথা রয়েছে।

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোপারেশনের (জেবিআইসি) জরিপে টানা চতুর্থ বছরের মতো জাপানি কোম্পানিগুলোর কাছে আগামী তিন বছরে ব্যবসা সম্প্রসারণের জন্য ভারত ‘সবচেয়ে সম্ভাবনাময়’ গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। জেট্রোর হিসাবে, ভারতে ব্যবসা করা ৭৫ দশমিক ৫ শতাংশ জাপানি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে মুনাফার আশা করছে।

২০০০ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভারতে জাপানের সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৪৮ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তবে ভারতের বহুমুখী ও স্বাধীন কূটনৈতিক অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের পথ সবসময় সরল নয়। যুক্তরাষ্ট্রের ট্যারিফ চাপ উপেক্ষা করা, রাশিয়ার সঙ্গে নিজস্ব স্বার্থ অনুযায়ী জ্বালানি বাণিজ্য বজায় রাখা এবং চীন থেকে শর্তসাপেক্ষে বিনিয়োগ গ্রহণ—এসব পদক্ষেপ ভারতের নিজস্ব কৌশলগত অবস্থানের প্রতিফলন হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদের সংকট এবং জনসংখ্যা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের বাজার, প্রযুক্তি ও বিশেষজ্ঞদের প্রতি জাপানের আগ্রহ ক্রমেই বাড়ছে।

ট্যাগ : ভারত জাপান নরেন্দ্র মোদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চীনের প্রতিযোগিতার মাঝে ভারতমুখী হচ্ছে জাপান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা এবং পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক ভারত সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে সমঝোতা হয়েছে।

দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম জাপান-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অর্থনৈতিক অংশীদারত্বের গণ্ডি ছাড়িয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কোয়াডের আওতায় ‘মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা’ গড়ে তোলার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও এআই খাতে দক্ষ মানবসম্পদ আদান-প্রদান এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। ইয়োকোসুকায় অনুষ্ঠিত ‘জাইমেক্স ২৫’ নৌমহড়ার ধারাবাহিকতায় ভারতীয় নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে।

একই সঙ্গে জাপানের মোগামি-ক্লাস ফ্রিগেটে ব্যবহৃত উন্নত স্টিলথ প্রযুক্তি ‘ইউনিকর্ন’ বা ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা ভারতে হস্তান্তরের বিষয়ে নীতিগত চুক্তি হয়েছে। এই প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য পাঁচটি খাতকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টোকিও ও নয়াদিল্লি। এগুলো হলো সেমিকন্ডাক্টর, বিরল খনিজ পদার্থ, আইসিটি, পরিচ্ছন্ন জ্বালানি এবং ওষুধ। বৈশ্বিক সরবরাহব্যবস্থা সচল রাখার ক্ষেত্রেও এসব খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতে জাপানি ব্যবসার বিস্তার একসময় তুলনামূলক ধীর ছিল। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মারুতি সুজুকি ছিল এর বড় ব্যতিক্রম। ২০০৫ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর ভারত সফরের পর বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও নতুন গতি আসে।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ভারতের ৫ হাজার ২০৫টি স্থানে ১ হাজার ৪৩৪টি জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছিল। চীনের ৩০ হাজার স্থানের তুলনায় এ সংখ্যা কম হলেও মহামারী-পরবর্তী সময়ে সুজুকি, ব্রিজস্টোন ও ইউনিচার্মের মতো বড় প্রতিষ্ঠান ভারতে দ্বিতীয় বা তৃতীয় কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেছে।

জাপানি বিনিয়োগ এখন অটোমোবাইল ও ইলেকট্রনিকসের মতো প্রচলিত খাতের মধ্যেও সীমাবদ্ধ নেই। ফ্যাশন ব্র্যান্ড ইউনিক্লো পাঁচ বছরের মধ্যে ভারতে ১০০টি স্টোর চালুর পরিকল্পনা করেছে। ৭-ইলেভেন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় ৬০টির বেশি আউটলেট পরিচালনা করছে এবং নিতোরি মুম্বাইয়ে কার্যক্রম শুরু করেছে।

ভারী শিল্পেও বিনিয়োগ বাড়ছে। নিপ্পন স্টিল আর্সেলরমিত্তালের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে ১ ট্রিলিয়ন ইয়েনের বেশি বিনিয়োগ করে কারখানা সম্প্রসারণ করেছে। সানটোরি, সুমিতোমো রিয়েলটি, ওসাকা গ্যাস ও মোনোটারোর মতো প্রতিষ্ঠানও ভারতকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে।

গত বছরের আগস্টে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আগামী ১০ বছরে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য ঘোষণা করা হয়েছিল। সেই লক্ষ্য এগিয়ে নিতে এবারের সম্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী তাকাইচির উপস্থিতিতে গত এক বছরে ঘোষিত ২ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের বিস্তারিতও তুলে ধরা হয়।

দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জয়েন্ট ইকোনমিক ফোরামে ১৫০টির বেশি জাপানি এবং ৮০টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তি ও অবকাঠামো খাতেও সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। ভারতের ‘লুপেক্স’ মহাকাশ মিশন থেকে শুরু করে পুনর্ব্যবহারযোগ্য অ্যামোনিয়া উৎপাদন, বায়োমিথেন প্রকল্প এবং ইস্পাত কারখানার গ্যাস প্ল্যান্ট পরিচালনায় চুক্তি হয়েছে।

জাপানের সহায়তায় নির্মিত দিল্লি মেট্রো বর্তমানে ৪১৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা টোকিও সাবওয়ে নেটওয়ার্ককেও ছাড়িয়ে গেছে। একই ধারাবাহিকতায় ৮০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন ঋণে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত ভারতের প্রথম ‘বুলেট ট্রেন’ বা শিনকানসেন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি ২০২৭ সালের আগস্ট নাগাদ আংশিক চালুর কথা রয়েছে।

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোপারেশনের (জেবিআইসি) জরিপে টানা চতুর্থ বছরের মতো জাপানি কোম্পানিগুলোর কাছে আগামী তিন বছরে ব্যবসা সম্প্রসারণের জন্য ভারত ‘সবচেয়ে সম্ভাবনাময়’ গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। জেট্রোর হিসাবে, ভারতে ব্যবসা করা ৭৫ দশমিক ৫ শতাংশ জাপানি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে মুনাফার আশা করছে।

২০০০ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভারতে জাপানের সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৪৮ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তবে ভারতের বহুমুখী ও স্বাধীন কূটনৈতিক অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের পথ সবসময় সরল নয়। যুক্তরাষ্ট্রের ট্যারিফ চাপ উপেক্ষা করা, রাশিয়ার সঙ্গে নিজস্ব স্বার্থ অনুযায়ী জ্বালানি বাণিজ্য বজায় রাখা এবং চীন থেকে শর্তসাপেক্ষে বিনিয়োগ গ্রহণ—এসব পদক্ষেপ ভারতের নিজস্ব কৌশলগত অবস্থানের প্রতিফলন হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদের সংকট এবং জনসংখ্যা হ্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের বাজার, প্রযুক্তি ও বিশেষজ্ঞদের প্রতি জাপানের আগ্রহ ক্রমেই বাড়ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ