মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে একটি জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত অভিযানের ভয়াবহ চিত্র।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে ঐতিহাসিক এই মামলার রায় ঘোষণা করা হয়। আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করেন। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
রায়ে উল্লেখ করা হয়, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। একই সময়ে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর গুরুতর সহিংসতা চালানো হয়।
আদালত জানান, অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর ব্যাপক যৌন নির্যাতন করা হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময়ও বহু মানুষ নিরাপত্তা বাহিনীর হামলার শিকার হন।
বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত সব তথ্যপ্রমাণ সামগ্রিকভাবে পর্যালোচনা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায়।
আদালতের পর্যবেক্ষণে আরও উঠে আসে, ২০১৭ সালের অভিযানের সময় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এর সঙ্গে জনগোষ্ঠীটির একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্যের সম্পর্কও খুঁজে পেয়েছেন বিচারকরা।
এই সামরিক অভিযানের ফলে রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। বহু বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সামরিক ঘাঁটিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর পরিস্থিতির দ্রুত অবনতি হয়। পরদিন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় রোহিঙ্গাদের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু হয়।
সেপ্টেম্বরের প্রথম দিকেই রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টির বেশি ঘরবাড়ি ধ্বংসের তথ্য সামনে আসে। ১১ সেপ্টেম্বর জাতিসংঘের তৎকালীন মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ওই অভিযানকে জাতিগত নিধনের একটি সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন।
একই বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বা এমএসএফের প্রকাশিত জরিপে বলা হয়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০ শিশু ছিল।
২০১৮ সালের জানুয়ারিতে রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনা স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী। ওই ঘটনায় সাত সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁরা আগাম মুক্তি পান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যরাষ্ট্রের সমর্থনে মামলাটি করা হয়।
গাম্বিয়ার অভিযোগ ছিল, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে। মামলায় রোহিঙ্গাদের হত্যা, যৌন সহিংসতা এবং বসতবাড়ি ধ্বংসের ঘটনাগুলো তুলে ধরা হয়।
২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দেন আদালত।
পরবর্তী সময়ে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ একাধিক দেশ বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্যোগ নেয়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বরের রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক বিচার আদালত। এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় আন্তর্জাতিক বিচারিক পর্যায়ে প্রতিষ্ঠিত হলো।
২০১৭ সালের সামরিক অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।
দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে তাঁদের প্রত্যাবাসন এবং রায়ের বাস্তবায়ন কীভাবে নিশ্চিত হবে, তা এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ