নতুন সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, উন্নত প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে শব্দের চেয়ে বেশি গতিতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার তথ্য জানায়।
আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রে আধুনিক নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে পারবে বলে দাবি করেছে পাকিস্তান।
সামরিক বাহিনীর বিবৃতিতে এই উৎক্ষেপণকে পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতেও ক্ষেপণাস্ত্রটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়েছে, ফাতাহ-৩ ব্যবহারের ফলে রকেট ফোর্স কমান্ডের আঘাত হানার পরিধি এবং সামরিক অভিযানে কার্যক্রম পরিচালনার সুযোগ উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।
পাশাপাশি পাকিস্তানের প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে দেশটির সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষা প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এ ছাড়া সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরাও এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখা বিজ্ঞানী, প্রকৌশলী ও সামরিক কর্মকর্তাদের নিষ্ঠা এবং প্রচেষ্টার প্রশংসা করেছেন তাঁরা।
তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট পাল্লা, সর্বোচ্চ গতি এবং পরীক্ষার কারিগরি ফলাফলের বিস্তারিত তথ্য আইএসপিআরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়নি।
সূত্র: ডন














মন্তব্যসমূহ