বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ও এর আশপাশে সামুদ্রিক মাইনে আঘাত লেগে পাঁচটি তেলবাহী জাহাজে আগুন ধরার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুটি সুপারট্যাংকার মার্কিন যুদ্ধবিমানের পাহারায় চলছিল বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল জাজিরার সরাসরি সংবাদ প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পাঁচটি জাহাজের ক্ষয়ক্ষতি ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
আইআরজিসির নৌ শাখার দাবি, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে দুটি বিশাল তেলবাহী জাহাজ চলাচলের সময় সামুদ্রিক মাইনের বিস্ফোরণের শিকার হয়। জাহাজ দুটি অননুমোদিত নৌপথ ব্যবহার করছিল বলে অভিযোগ করেছে ইরান।
ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, জাহাজ দুটি চলাচলের সময় মার্কিন যুদ্ধবিমানের সহায়তা পাচ্ছিল। মাইনে আঘাত লাগার পর সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
অন্যদিকে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে আরও তিনটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত লেগে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।
সব মিলিয়ে হরমুজ ও আশপাশের জলসীমায় পাঁচটি ট্যাংকারে আগুন লাগার খবর দিয়েছে ইরানের দুই সামরিক সংস্থা। তবে সংশ্লিষ্ট ঘটনাগুলোর সুনির্দিষ্ট সময়, জাহাজগুলোর পরিচয় এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য অনুমোদিত পথ ব্যবহারের ওপর জোর দিয়ে আসছে ইরান। দেশটির সামরিক বাহিনী বারবার সতর্ক করেছে, তাদের নির্ধারিত নিরাপত্তাবিধি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ পথে জাহাজ চালানো হলে বিপদের আশঙ্কা রয়েছে।
এর আগে ১৪ নভেম্বরও হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত লেগে আগুনের কবলে পড়েছে বলে জানিয়েছিল ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সেই খবর প্রকাশ করে রয়টার্স।
এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার আরেক কেন্দ্র ইয়েমেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। জোটের দাবি, হুথিদের ক্ষেপণাস্ত্রের মজুত ও ড্রোন তৈরির স্থাপনাগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু।
অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার পর রাজধানীতে ধ্বংসাবশেষ পড়েছে।
এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, তাঁর দেশের প্রতিপক্ষরা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।
তিনি জানিয়েছেন, ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসবে না এবং বর্তমান নীতি অনুসরণ করে এগিয়ে যাবে।
হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের ঝুঁকি এবং ইয়েমেনকে ঘিরে নতুন সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ