সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন শুরু হয়। এর মধ্যে মহানগরের নিরাপত্তায় ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলার জন্য আরও ছয় প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত করা হয়েছে।
মোতায়েনের পর মহানগরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।
তিনি জানান, মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় সমানসংখ্যক প্লাটুন মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ