ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (PMDM) প্রোগ্রামের ২০তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনে এ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অর্থায়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে দক্ষতা তৈরির লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
১৮ মাস মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামে মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হবে। পাঠ্যক্রমে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, স্থায়িত্ব ও স্থিতিস্থাপকতা, জিআইএস ও রিমোট সেন্সিং, গবেষণাপদ্ধতি, জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি এবং দুর্যোগ ও উন্নয়নসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে ও বাস্তবভিত্তিক শেখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মজীবীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণত সপ্তাহের ছুটির দিন শুক্রবার ক্লাস অনুষ্ঠিত হয়। ফলে চাকরি বা অন্যান্য পেশাগত দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীরা প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবেন।
ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে সিজিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে।
ভর্তি কার্যক্রম অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায়।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পঞ্চম তলার ৬০৮১ নম্বর কক্ষে অবস্থিত ইনস্টিটিউট অফিসে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
মন্তব্যসমূহ