যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’। এবারের তালিকায় বিশ্বের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে শীর্ষ এক হাজারে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তবে এই তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৮০০ থেকে ১০০০-এর ব্যান্ডে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো—অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
অন্যদিকে ১০০১ থেকে ১২০০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে ১৭টি পারফরম্যান্স সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব, শিল্পের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টানা ১১তম বছরের মতো প্রতিষ্ঠানটি প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানও উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ১১তম এবং পেকিং বিশ্ববিদ্যালয় ১৩তম অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) রয়েছে ১৫তম স্থানে।
THE জানিয়েছে, ২০২৭ সালের র্যাঙ্কিংয়ে ১১৮টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। নতুন সংস্করণে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও নির্দিষ্টভাবে বোঝাতে বিভিন্ন র্যাঙ্কিং ব্যান্ড ব্যবহার করা হয়েছে।
মন্তব্যসমূহ