কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। এই অভিযান শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে শনিবার (৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে পরিচালিত হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তার সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যসহ ডিবি পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।
অভিযানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতার খবর পাওয়া বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৬৩ জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, "কিশোর বয়সীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য জেলা পুলিশ নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করছে।" তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সম্পর্ক যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয় সেটিও মনিটরিং করা হচ্ছে।
সর্বশেষ ৩৬৩ জন আটক হওয়ার পর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা কুমিল্লায় দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে। যার মধ্যে ৩৬৩ জনের যাচাই-বাছাই চলছে, ১ হাজার ১৩০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৫৪২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ