রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরক উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানের একপর্যায়ে একটি ব্যাগের ভেতর বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়।
উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। একই সঙ্গে ওই এলাকায় আরও বিস্ফোরক রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের মধ্যে বেশ কিছু বিস্ফোরক পাওয়া গেছে। আশপাশে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে পুরো এলাকায় তল্লাশি চলছে।
নিরাপত্তার কারণে ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখে অভিযান পরিচালনা করছেন।
তবে ককটেল ও পেট্রোল বোমাগুলো কে বা কারা সেখানে রেখেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরক নিষ্ক্রিয় ও তল্লাশি কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মন্তব্যসমূহ