ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সৌরভ এবং তার দুই বন্ধু মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে। তবে বাসটির চালক ও অন্য কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ