একসময় পুরো গ্রামে ছিল মাত্র একটি টেলিভিশন। বিশ্বকাপের রাতে সেই টিভির সামনে দাঁড়িয়ে ডিয়েগো ম্যারাডোনা ও লোথার ম্যাথাউসের খেলা দেখতেন ছোট্ট এক ছেলে। ঘরে ফিরে মা মোজা দিয়ে বানিয়ে দিতেন একটি বল, আর সেই বল নিয়েই শুরু হয়েছিল তার ফুটবল-যাত্রা। বহু বছর পর সেই ছেলেটিই কোচ হিসেবে লিখলেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।
শনিবার (২৭ জুন) হিউস্টনে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যের কারিগর ৫৬ বছর বয়সী প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল বিশ্বে ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত।
টানা সাতবার ব্যর্থ হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেয় কেপ ভার্দে। অভিষেক আসরেই স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের গ্রুপ থেকে অপরাজিত রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠে চমকে দিয়েছে দলটি।
কেপ ভার্দের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল তাদের দুর্দান্ত রক্ষণভাগ। এসিএল ইনজুরির কারণে প্রায় ১০ মাস মাঠের বাইরে থাকা ভিয়ারিয়ালের ডিফেন্ডার লোগান কস্তাকে বিশ্বকাপ দলে রেখে সমালোচনার মুখে পড়েছিলেন বুবিস্তা। তবে তার ওপর আস্থা রেখেই সফল হয়েছেন তিনি। পুরো গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে কিংবা সৌদি আরব—কেউই সহজে ভাঙতে পারেনি কেপ ভার্দের রক্ষণ।
মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ হলেও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী কেপ ভার্দিয়ানদের নিয়ে শক্তিশালী দল গড়ে তুলেছেন বুবিস্তা। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া মিডফিল্ডার জামিরো মন্তেইরো, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা কেভিন পিনা, আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ডিফেন্ডার পিকো লোপেস কিংবা ইসরায়েলভিত্তিক ফরোয়ার্ড হেলিও ভারেলার মতো ফুটবলাররা আজ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সাতটি সেভ করে ম্যাচসেরা হওয়া গোলরক্ষক ভোজিনহা এবং ১৬ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলা অধিনায়ক রায়ান মেন্ডেসও কেপ ভার্দের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে বিশ্বকাপের পথ খুলে দিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড ডেইলন লিভ্রামেন্তো।
বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলেই ফিফার কাছ থেকে প্রায় এক কোটি পাঁচ লাখ মার্কিন ডলার পাচ্ছে কেপ ভার্দে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই অর্থ দেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কেপ ভার্দিয়ান প্রতিভা খুঁজে বের করার কাজে ব্যয় করা হবে।
আগামী ৪ জুলাই নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। প্রতিপক্ষে থাকবেন লিওনেল মেসি। আর পোভোয়াসাও ভেলহা গ্রামের সেই ছোট্ট ছেলেটি—যিনি একসময় ধার করা টেলিভিশনে ফুটবল জাদু দেখে স্বপ্ন বুনেছিলেন—এবার বিশ্বমঞ্চে নিজের নতুন ইতিহাস লেখার অপেক্ষায়।














মন্তব্যসমূহ