ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। তাঁর পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। বার্তা সংস্থাটি জানিয়েছে, তারা আইনজীবীদের পাঠানো চিঠিটি দেখেছে।
চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়। ৯ নভেম্বর তারিখযুক্ত ওই চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ করা হয়।
আবেদনের পক্ষে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি তুলে ধরেছেন আইনজীবীরা। একই সঙ্গে বাংলাদেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতায় প্রযোজ্য বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে জানাতে এবং আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের ব্যবস্থা নিতেও হাইকমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।
এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ই-মেইলে আইনজীবীদের চিঠি পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। পরবর্তী করণীয় জানতে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তবে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র বা তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতা প্রমাণের নথি পাওয়া যায়নি। ফলে আবেদনটি তাঁর আনুষ্ঠানিক অনুমোদনে করা হয়েছে কি না, তা যাচাইয়ের প্রশ্ন রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষে এ ধরনের যোগাযোগের উদ্যোগ প্রথমবারের মতো সামনে এসেছে।
এর আগে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। তাঁর সহযোগীরাও বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
অন্যদিকে পাসপোর্ট চাওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শেখ হাসিনার এই উদ্যোগকে রাজনৈতিক কৌশল হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, শেখ হাসিনা দেশে ফিরবেন না এবং পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যেই সামনে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে কিংবা অন্য দেশে অবস্থান করছেন। কয়েকজন কারাগারেও রয়েছেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টি সামনে এলেও আবেদন গ্রহণ, আইনগত বৈধতা এবং নথি ইস্যুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ