চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত হওয়া পাঁচটি গোলের প্রতিটিতেই অবদান রেখেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন। দারুণ ফর্মে থাকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে মেসিকে রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। যার ফলে শেষ ম্যাচে মূল স্কোয়াডে কিছু রদবদল এনে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং অন্যদের পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন কোচ। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, মেসির এই বিশ্রামের পেছনে কোনো চোটের সমস্যা নেই, এটি সম্পূর্ণ কৌশলগত একটি সিদ্ধান্ত।
দীর্ঘ ক্যারিয়ারে নিজের ১৮তম বিশ্বকাপ কাভার করতে আসা ৯১ বছর বয়সী প্রখ্যাত সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেসের এক প্রশ্নের জবাবে স্কালোনি জানান, লিও শুরুর দিকে বেঞ্চেই থাকবেন। বিষয়টি গোপন করার কিছু নেই এবং তিনি সত্য জানার অধিকার রাখেন। তবে ম্যাচের দিনই দলের চূড়ান্ত একাদশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং মেসিকে খেলার পরবর্তী অংশে দেখা যেতে পারে।
ধারণা করা হচ্ছে, ম্যাচের দ্বিতীয় ভাগে অল্প সময়ের জন্য মাঠে নামানো হতে পারে এই তারকাকে। গত মে মাসে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি নিয়েই বিশ্বকাপে যোগ দিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। জর্ডানের বিপক্ষে তিনি মাঠে না নামলে নকআউট পর্বের আগে টানা ১১ দিন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়া থাকতে হবে তাকে।
মেসির জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ অথবা অভিজ্ঞ জিওভানি লো সেলসো, যারা প্রথম দুই ম্যাচে খেলার তেমন সুযোগ পাননি। পরবর্তী পর্ব নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর আর্জেন্টিনা। দলের লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো জানান, তারা কোনোভাবেই খেলায় মনোযোগ হারাতে চান না এবং গ্রুপ পর্ব অপরাজিত থেকেই শেষ করতে চান।
মন্তব্যসমূহ