ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা শুরু হয়।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হতে যাওয়া অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্ধারণ করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আট কার্যদিবস অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।
চতুর্থ অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপনের পাশাপাশি সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় প্রাধান্য পেতে পারে।
এদিকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়।














মন্তব্যসমূহ