বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানানো এবং বোর্ডের জন্য আর্থিক সহায়তা স্থগিত রাখার অনুরোধ করার অভিযোগ উঠেছে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। তবে তিনি প্রকাশ্যে এ ধরনের অনুরোধ করার বিষয়টি অস্বীকার করেছেন।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে বুলবুল আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান। সেখানে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা ও ক্রিকেট-সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন করা হয়। একই সঙ্গে নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে পুনর্বহালের দাবিও উত্থাপন করা হয়।
চিঠিতে বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের বৈধতা নিয়েও আপত্তি জানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর আইসিসির পক্ষ থেকে বিসিবির কাছে ব্যাখ্যা চাওয়া হলে বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের অবস্থান তুলে ধরে সংস্থাটির কাছে জবাব পাঠায়।
তবে শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক ভিডিওবার্তায় আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, তিনি কখনোই বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে—এমন কোনো প্রস্তাব বা অনুরোধ আইসিসির কাছে করেননি। বিশেষ করে আইসিসির অর্থায়ন বন্ধের আবেদন করার খবরকে তিনি সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেন।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত চিঠির একটি অনুলিপিতে দেখা যায়, সেখানে বিসিবির জন্য আইসিসির অর্থায়ন ও ক্রিকেট-সংক্রান্ত সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাবের উল্লেখ রয়েছে। নথিতে বুলবুলের স্বাক্ষরও রয়েছে বলে দাবি করা হয়েছে।
চিঠির একটি অংশে নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হওয়া পর্যন্ত আইসিসির তহবিল এসক্রো হিসেবে সংরক্ষণ বা স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বোর্ডকে বৈধ হিসেবে স্বীকৃতি না দেওয়ারও আবেদন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরেকটি অংশে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার আহ্বান জানানো হয়েছে। সেখানে আইসিসির সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচিত বোর্ড পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হলে বিসিবির সদস্যপদ স্থগিত, আইসিসির অর্থায়ন বন্ধ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ বিবেচনার কথাও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে তামিম ইকবাল চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আসছেন আমিনুল ইসলাম বুলবুল।
মন্তব্যসমূহ