হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও সেবার মান বাড়াতে ৫৬০ কোটি সৌদি রিয়ালের ‘ওয়াসেল আল-হারাম’ প্রকল্পসহ আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সৌদি আরব। একই সঙ্গে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী।
দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয় গত রোববার। বাদশাহর প্রতিনিধি হিসেবে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জেদ্দা সুপারডোমে ‘মক্কা থেকে বিশ্বে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতের ৫২০টির বেশি প্রতিষ্ঠান এতে যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ দেশটির হজ ব্যবস্থাপনায় অগ্রগতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক হাজিদের সেবায় নিয়োজিত সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৪টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া ৫৮টি দেশে সরাসরি চুক্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৭৫টি দেশের মুসল্লিদেরও ‘ডাইরেক্ট হজ প্রোগ্রাম’-এর আওতায় হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ১৪৪৭ হিজরি সালের হজে হাজিদের সন্তুষ্টির হার ছিল ৯৩ শতাংশ। অন্যদিকে নুসুক অ্যাপ ও প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ছাড়িয়ে গেছে।
সম্মেলনের উদ্বোধনের পর প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রিন্স সৌদ। সেখানে হাজিদের সেবায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, তাঁদের অভিজ্ঞতা উন্নত করার উদ্যোগ এবং স্মার্ট প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
পরে বাদশাহ সালমানের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে সম্মেলনে অংশগ্রহণকারীদের সৌদি আরবে স্বাগত জানান প্রিন্স সৌদ। একই সঙ্গে তাঁদের প্রতি বাদশাহর শুভেচ্ছা পৌঁছে দেন।
সম্মেলনে স্বাক্ষরিত আটটি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়াসেল আল-হারাম’ প্রকল্প। ৫৬০ কোটি সৌদি রিয়ালের এ প্রকল্পের আওতায় মসজিদুল হারামের যাতায়াত পথ ও স্টেশনগুলোর উন্নয়ন করা হবে। এর পাশাপাশি হাজিদের সেবার মান, প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও চুক্তিগুলোর আওতায় গুরুত্ব পেয়েছে।
সূত্র: রিয়াদ ডেইলি।














মন্তব্যসমূহ