কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে চলছিল নানা আলোচনা। বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর পরিচয় আড়ালে রাখায় তৈরি হয় কৌতূহল। এবার সেই রহস্যের অবসান ঘটিয়ে ব্লগার আসাদ নূর নিজেই পারশাকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের কথা জানান আসাদ নূর। একই সঙ্গে এত দিন বিষয়টি প্রকাশ না করার কারণও ব্যাখ্যা করেন তিনি।
আসাদ নূরের ভাষ্য অনুযায়ী, বিয়ের তথ্য গোপন রাখার সিদ্ধান্তটি ছিল পরিকল্পিত। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ ও সামাজিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি সমাজে প্রচলিত কিছু ট্যাবু নিয়েও প্রশ্ন তুলতে চেয়েছিলেন।
এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ইঙ্গিতও রেখেছিলেন তাঁরা। কখনো পাঞ্জাবি, কখনো শাড়ির আঁচল, আবার কখনো ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়টি সামনে আসে। তবে ছবিতে পরিচয় আড়াল রেখে মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন দুজন।
সরাসরি সম্প্রচারে সমালোচকদের উদ্দেশেও কথা বলেন আসাদ নূর। তাঁর বক্তব্য অনুযায়ী, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমাজের অতিরিক্ত কৌতূহল তুলে ধরার পাশাপাশি ধর্মীয় উগ্রতা এবং উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করাও ছিল তাঁদের উদ্দেশ্য।
পারশার ব্যক্তিগত ও পারিবারিক পরিচয় নিয়েও কথা বলেন তিনি। আসাদ নূর জানান, পারশা তাঁর পরিবারের একমাত্র সন্তান। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা পারশার নিজস্ব পরিচিতি, পেশাগত যোগ্যতা এবং অর্জনকে সম্মান করেন তিনি। এসব বিষয় বিবেচনায় রেখেই তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা অভিযোগও অস্বীকার করেন আসাদ নূর। তাঁর দাবি, তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে কাজ করেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ কিংবা অনুদান নেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি।
জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ নূর। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে পরিচিতি পান। এ ছাড়া আন্দোলনকে কেন্দ্র করে তৈরি ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
লাইভের শেষ দিকে পারশাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনক মন্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তাঁদের মর্যাদা ও সম্মান রক্ষার ওপর গুরুত্ব দেন আসাদ নূর।














মন্তব্যসমূহ