আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারীদের অধিকার ও নারী ক্রিকেটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই এমন অবস্থান নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলা অব্যাহত রাখবে স্কটল্যান্ড।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট স্কটল্যান্ড। সংস্থাটি স্পষ্ট করেছে, আফগানিস্তানে নারী ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হলে নিজেদের উদ্যোগে দেশটির বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নেবে না তারা।
তবে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আফগানিস্তানের মুখোমুখি হতে হলে সেই ম্যাচ খেলবে স্কটল্যান্ড। একইভাবে আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচেও অংশ নিতে আপত্তি নেই তাদের।
নতুন নীতির আওতায় আইসিসি আসরের বাইরে আফগানিস্তান দলকে অনুশীলন ক্যাম্প আয়োজনের সুযোগ কিংবা প্রস্তুতি ম্যাচ খেলার সুবিধাও দেবে না স্কটল্যান্ড।
দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। গত গ্রীষ্মে আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডের অনুশীলন সুবিধা ব্যবহারের আগ্রহ জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছিল।
এসব বিষয় সামনে আসার পর আফগানিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ড।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও স্কটল্যান্ড। এরপর ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল দুটি।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলেও দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্কটিশ খেলোয়াড়দের অংশগ্রহণের পথ বন্ধ করছে না ক্রিকেট স্কটল্যান্ড।
গত সপ্তাহে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। প্রতিযোগিতাটি আইসিসির অনুমোদন পেলে তাঁকে অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড।
তবে কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া কিংবা আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর অংশগ্রহণকে তালেবান সরকারের বর্তমান শাসনব্যবস্থা বা নীতির প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।
ক্রিকেট স্কটল্যান্ডের নতুন অবস্থানের সঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের আফগানিস্তানসংক্রান্ত নীতির মিল রয়েছে। নারীদের ক্রিকেটে অংশগ্রহণের ওপর বিধিনিষেধ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েই দেশগুলোর আপত্তি।
স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, আফগানিস্তানের নারী ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এলে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো














মন্তব্যসমূহ