জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরসহ সাতটি জেলা শাখায় নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে ঘোষিত প্রতিটি ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
নতুন কমিটি পাওয়া ইউনিটগুলো হলো সিলেট মহানগর এবং সিলেট, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও শেরপুর জেলা।
সিলেট মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন দিনার। পাঁচ সদস্যের এই কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমেদ।
সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু। সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব।
খুলনা জেলা যুবদলের সভাপতি হিসেবে মেখ নাদিমুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা তুহিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহসভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।
কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটির সভাপতি হয়েছেন ফুহাদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি। কমিটিতে মোস্তাফিজুর রহমান সুমন সিনিয়র সহসভাপতি, জাকারিয়া মিলন সহসভাপতি, রাশেদুল ইসলাম রাশেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান মুকুলকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল আলম বাবু। অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন জামাল উদ্দিন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা। পাঁচ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিকুল ইসলামকে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা যুবদলে আপাতত দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ সোহেল রানা সভাপতি এবং মোজাম্মেল হক মুন্না সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
শেরপুর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মো. আতহারুল ইসলাম আতাকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শওকত হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, সহসভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
নতুন নেতৃত্বকে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই নিজ নিজ ইউনিটের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠাতে নির্দেশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব।